হাতিয়ায় নৌরুটে ফেরি 'মহানন্দা' উদ্বোধনের অপেক্ষায়

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌরুটে প্রথমবারের মতো একটি ফেরি সার্ভিস চালু হতে যাচ্ছে। 

নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব ড. নূরুন্নাহার চৌধুরী ফেরি ‘মহানন্দা’ উদ্বোধন করবেন বলে জানা গেছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেরি 'মহানন্দা' উদ্বোধন করা হলে আগামিকাল (৩১ জানুয়ারি) থেকে এ রুটে ফেরি সার্ভিস চলাচল শুরু হবে। 

ফেরি সার্ভিসটি উদ্বোধন উপলক্ষে হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাটে গত কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফেরি সার্ভিসটি উদ্বোধন করা হলে ৭ লাখ হাতিয়াবাসীর এ রুটে দীর্ঘদিনের চলাচল এবং  যানবাহন ও মালামাল পরিবহনের অসুবিধা দূর হবে। 

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়া আসনে এনসিপি তথা ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের আন্তরিক প্রচেষ্টায় হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে ফেরি সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানা গেছে।