১৪ বছর পর করাচিতে নামল বাংলাদেশের বিমান

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে বিমান পরিষেবা পুনরায় চালু হলো। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের 'বিইজি৩৪১'  ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান অবতরণের সময় ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দেওয়া হয়। এই ফ্লাইটকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। 

উদ্বোধনী ফ্লাইটে আসন পূর্ণ ছিল। ঢাকায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার এবং অন্যান্য কর্মকর্তা যাত্রীদের বিদায় জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, ধীরে ধীরে ফ্লাইট সংখ্যা বাড়ানো এবং ভাড়া কমানোর মাধ্যমে ভ্রমণ আরও সাশ্রয়ী করা হবে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসরি আশা প্রকাশ করেছেন, দুই দেশের সহযোগিতা শুধু বিমান যোগাযোগে সীমাবদ্ধ থাকবে না, বরং অন্যান্য খাতেও সম্প্রসারিত হবে। 

উদ্বোধনী ফ্লাইটের যাত্রীরা সরাসরি বিমান সংযোগ পুনরায় চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।