নাসীরুদ্দীন পাটওয়ারী

সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে চাই

ঢাকা-৮ আসনে সন্ত্রাস-দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ‘ইনসাফের রাজত্ব’ কায়েমের প্রত্যাশায় ‘শাপলা কলি’ মার্কার পক্ষে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজ শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া চান। দোয়া শেষে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি হাদি হত্যার বিচার দাবি করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই আসনে আমাদের মার্কা শাপলা কলি। সবাই দোয়া করবেন, যেন আমরা একটি সুন্দর ঢাকা-৮ গড়ে তুলতে পারি। যেখানে আর কোনো ভাই খুন হবে না, কোনো বোন নারী নির্যাতনের শিকার হবেন না।

ঢাকা-৮ আসনের এই প্রার্থী আরও বলেন, তাঁরা একটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে চান। একটি বৈষম্যহীন এবং সন্ত্রাস-দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে চান।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর বিজয়নগরে গুলি করে তাঁকে হত্যা করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়।

ওসমান হাদির প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শরীফ ওসমান হাদী যে আদর্শ দিয়ে গেছেন, সেই আদর্শে তাঁরা ঢাকা-৮ আসনে ইনসাফের রাজত্ব কায়েম করতে চান। 

এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হ্যাঁ ভোটে সিল দিলে ’২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে।

এর আগে সকালে রাজধানীর শাহবাগ, কাঁটাবন ও হাতিরপুল এলাকায় গণসংযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে সময় সাংবাদিকদের তিনি বলেন, শুধু সংসদে যাওয়া নয়, সন্ত্রাসীরা ঘুমিয়ে থাকলে তাদের ঘুম হারাম করে দেবেন, আর জেগে থাকলে তাদের জাগাও হারাম করে দেবেন।