মাগুরা

অস্ত্র গুলিসহ বিএনপি-যুবদল নেতা আটক

মাগুরার শালিখায় বিশেষ অভিযান চালিয়ে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে সেনা বাহিনী। উপজেলার আড়পাড়া এলাকায় নিজ নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর রাতে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন ও তার ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।

অভিযানকালে তাদের কাছ থেকে পিস্তল, তিন রাউন্ড গুলি, ধারালো চাপাতি, চাকু, গাছিদা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, গোপন খবর পেয়ে আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। পরে যৌথ বাহিনী তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করে। উদ্ধার অস্ত্র ও মালামাল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সি নয়নুজ্জামান নয়নকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২৪ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বীয় পদে পুনর্বহাল করা হয়।