চ্যাম্পিয়নস লিগের মঞ্চে একদিন আগেই বেনফিকার কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। লিগ পর্বের শেষ ম্যাচে ৪-২ গোলে ওই হারের পর চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। কিন্তু বেনফিকা যেন পিছু ছাড়ছে না রিয়ালের। আজ শুক্রবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাবকে শেষ ষোলোতে ওঠার জন্য কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে।
ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে, নক-আউটে ফের রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। সাবেক রিয়াল কোচ হোসে মরিনহোর দলের বিপক্ষে রিয়ালের ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। লিগ পর্বে শীর্ষ আটে জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার মূল্য দিতে হচ্ছে ১৫বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। গত বৃহস্পতিবার রাতের ম্যাচে রিয়াল ড্র করলেই শীর্ষ আট দলের একটি হিসেবে উঠত শেষ ষোলোয়। কিন্তু হারে ছিটকে পড়ল শীর্ষ আটের বাইরে।
অন্যদিকে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে শেষ ষোলোতে উঠতে লড়তে হবে ফরাসি প্রতিদ্বন্দ্বী মোনাকোর বিপক্ষে। অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেডের প্রতিপক্ষ আজারবাইজানের কারাবাগ। দীর্ঘ সফরের কারণে তাদের জন্য ম্যাচটি কঠিন হতে পারে। এছাড়া জুভেন্তাসের মুখোমুখি হচ্ছে গালাতাসারা, বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ লড়বে ক্লাব ব্রুগের বিপক্ষে। নকআউট প্লে-অফের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। ফিরতি লেগ হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।
পূর্ণ ড্র তালিকা:
বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
বোদো/গ্লিম্ট বনাম ইন্টার
মোনাকো বনাম পিএসজি
কারাবাগ বনাম নিউক্যাসল
গালাতাসারায় বনাম জুভেন্টাস
ক্লাব ব্রুগে বনাম আতলেতিকো মাদ্রিদ
বরুসিয়া ডর্টমুন্ড বনাম আতালান্তা
অলিম্পিয়াকোস বনাম বায়ার লেভারকুসেন