মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং শুষ্ক পরিবেশে সবুজের বিস্তার ঘটাতে বড় পরিসরের কর্মসূচি বাস্তবায়ন করছে সৌদি আরব। সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই) কর্মপরিকল্পনার অধীনে পবিত্র মদিনা এলাকায় এখন পর্যন্ত ২১ লাখেরও বেশি গাছ লাগিয়েছে দেশটির ন্যাশনাল ওয়াটার কোম্পানি (এনডব্লিউসি)। এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানায়, পরিবেশ রক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদি সবুজ অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই কর্মসূচিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, মদিনা অঞ্চলে পরিচালিত বৃক্ষরোপণ কর্মযজ্ঞে সম্পূর্ণভাবে পরিশোধিত বর্জ্য পানি ব্যবহার করা হচ্ছে। এতে ভূগর্ভস্থ পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং পুনর্ব্যবহারের মাধ্যমে বর্জ্য পানিকে কার্যকর সম্পদে রূপান্তর করা সম্ভব হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। কেবল গত বছরেই মদিনার উত্তর-পশ্চিম সেক্টরে ৪ লাখ ৭২ হাজার চারা রোপণ করা হয়েছে। এ পর্যন্ত রোপিত মোট গাছের প্রায় ১০ শতাংশ এখন এমন অবস্থায় পৌঁছেছে, যেগুলো টিকে থাকার জন্য নিয়মিত সেচের প্রয়োজন পড়ে না।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ২০২১ সালে সৌদি গ্রিন ইনিশিয়েটিভের কার্যক্রম শুরু হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ২০৬০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করা। সংশ্লিষ্টদের মতে, মদিনা অঞ্চলের এই বনায়ন কর্মসূচি সেই দীর্ঘমেয়াদি লক্ষ্যের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এনডব্লিউসি জানিয়েছে, ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্টের সঙ্গে সমন্বয় করে আগামী দিনে বৃক্ষরোপণ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রস্তুতি রয়েছে। এর মাধ্যমে ওই অঞ্চলের বায়ুর মান উন্নত হবে, বালুঝড়ের ঝুঁকি কমবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন, মদিনার এই উদ্যোগ বিশ্বজুড়ে অন্যান্য শুষ্ক ও মরুপ্রবণ অঞ্চলের জন্য একটি কার্যকর ও অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে।