সিলেটের লালাখালে ঘুরতে গিয়ে গোসলে নেমে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে লালাখাল জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ছাত্রের নাম মুসআব আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাকসু নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে সদস্যপদে প্রার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তবে পরিবার থাকে গাজীপুরে।
ওসি বলেন, শাবিপ্রবির এক ছাত্র পানিতে ডুবে নিখোঁজ এমন খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা ৫৫ মিনিটে পানি থেকে ওই ছাত্রের অচেতন দেহ উদ্ধার করে। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান ওসি।
জানতে চাইলে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ‘আমরা কয়েকজন সিলেটের লালাখাল ঘুরতে গিয়েছিলাম। সেখানকার জিরো পয়েন্ট এলাকায় বেলা ১টার দিকে সবাই নদীতে গোসল করতে নামি। ১০ মিনিট পর মুসআবকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পুলিশকে খবর দিই। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মৃতদেহ উদ্ধার করে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘পুলিশ সুরতহালের একটি প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠিয়েছে। ইতিমধ্যে ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত করা না করার জন্য পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।’