শেরপুরে এক এএসআইয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। শেরপুর সদর থানার বিপরীতে ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত এএসআইয়ের নাম শাহিনুল ইসলাম। তিনি জামালপুর জেলার টেবির চড় গ্রামের মৃত শামসুল হক মাস্টারের ছেলে শাহিনুল।
পুলিশ সূত্রে জানা যায়, শাহিনুল ৫ মাস আগে শেরপুর সদর থানায় যোগদান করেন। তিনি স্ত্রী ও আট বছরের শিশুসন্তানসহ শহরের রাজভল্বপুর মহল্লায় সদর থানা গেটের বিপরীত পাশে বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত বুধবার নাইট ডিউটি করার পর বৃহস্পতিবার সকালে বাসায় ফেরেন। স্ত্রী মাকসুদা পারভীন এদিন বাপের বাড়ি থেকে রাত ১১টায় বাসায় ফেরেন। পরে মাকসুদা পারভীন ও তার ভাই বাইরে থেকে ডাকাডাকি ও মোবাইলে ফোন দেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন শাহিনুল জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আছেন। পরে মাকসুদা ও তার ভাই লাশ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। থানায় খবর দিলে পুলিশ এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা শাহিনুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।