সেনাবাহিনীর যৌথ অভিযানে গত এক সপ্তাহে (২৩-২৯ জানুয়ারি) সারা দেশে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র ও দেশি-বিদেশি মাদকদ্রব্যসহ ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, গত ২৩-২৯ জানুয়ারি পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও জানানো হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিএমপির ১১ থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫ : রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত) ১১টি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কোতোয়ালি থানা একজন, লালবাগ থানা দুজন, ডেমরা থানা একজন, সূত্রাপুর থানা একজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা চারজন, হাজারীবাগ থানা তিনজন, বাড্ডা থানা একজন, যাত্রাবাড়ী থানা চারজন, শেরেবাংলা নগর থানা তিনজন ও শাহবাগ থানা ১৪ জন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় ডিএমপি।