রাঙ্গামাটির সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা বিজিবির

নির্বাচনকালীন সময়ে রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাঘাইহাট ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী। গতকাল শুক্রবার সকালে বাঘাইছড়ির বাঘাইহাট ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি গৃহীত নিরাপত্তা প্রস্তুতি, দায়িত্ব পালনের পরিকল্পনা এবং সমন্বিত কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ইতিমধ্যে নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মহড়া অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ে তিনটি ভোটকেন্দ্র (বেতলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুইচুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) বাঘাইহাট ব্যাটালিয়ন স্বতন্ত্রভাবে (সামরিক বাহিনী ব্যতীত) নির্বাচনকালীন নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) সৈনিকদের নিয়মিত নির্বাচনী মহড়া ও হেডকোয়ার্টার বিজিবি প্রদত্ত সরঞ্জামাদির মাধ্যমে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ ছাড়া ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভিলেন্সের জন্য দক্ষ জনবল গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনে নন লেথাল ওয়েপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ-পরবর্তী বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নিষ্ঠার সঙ্গে এই পবিত্র দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ বলে তিনি জানান।

রাজশাহীতে ৪ হাজার বিজিবি সদস্য মোতায়েন : নির্বাচনকে সামনে রেখে রাজশাহী সেক্টরে প্রায় চার হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নির্বাচনকালীন সময়ে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে, বিজিবি ও বিএসএফ সমন্বয় করে কাজ করছে। সীমান্তে নিরাপত্তায় বিএসএফ প্রয়োজনীয় সহায়তার আশ^াস দিয়েছে।   

বিজিবি মোতায়েন উপলক্ষে গতকাল সকালে নগরীর পোস্টাল একাডেমির সামনে একটি মহড়ার আয়োজন করা হয়। তারা বেশ কিছু যানবাহনে তল্লাশি চালায়। পরে সেখানে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। তিনি জানান, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

নির্বাচন কমিশন ও সরকারের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি জানান, রাজশাহী সেক্টরের আওতাধীন রাজশাহী বিভাগের সাতটি জেলার (রাজশাহী বিভাগের জয়পুরহাট ব্যতীত) ৩৭টি সংসদীয় আসনে বিজিবির ৬৫টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। সীমান্তের ৭৬টি বিওপি থেকে প্রতি বিওপিতে ১০ জন করে সদস্য স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ হিসেবে দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে রাজশাহী বিভাগে প্রায় চার হাজার বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় দুটি আধুনিক এপিসিসহ এক প্লাটুন বিজিবি কুইক রিঅ্যাকশন ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে।

কামাল হোসেন বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গেও নিয়মিত যোগাযোগ, সমন্বিত টহল ও পতাকা বৈঠক চলছে। বিএসএফ তাদের পক্ষ থেকে নজরদারি জোরদারের আশ্বাস দিয়েছে।