দেশের বাজারে টানা কয়েক দফা বাড়ার পর স্বর্ণের দাম কমেছে। ভালো মানের স্বর্ণ ভরিতে সাড়ে ১৪ হাজার টাকা কমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার টাকা। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন এই দাম গতকাল সকাল পৌনে ১১টা থেকে কার্যকর হয়েছে।
এবার দাম কমানোর সিদ্ধান্তের বিষয়ে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা।