জীবিকার তাগিদে মাঠে গিয়ে আর ঘরে ফেরা হলো না নুর ইসলাম তরফদারের (৭৩)। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও গ্রামজুড়ে। নিহত নুর ইসলাম তরফদার উজয়মারি গ্রামের বাসিন্দা এবং মৃত রজব আলী তরফদারের ছেলে।
কালিগঞ্জ থানা পুলিশের এসআই তাপস কুমার ঘোষাল পরিবারের বরাতে সাংবাদিকদের জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি মোটর থেকে পানি নিয়ে সরিষা ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটর চালু করতে যান। এ সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট হলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনাজনিত বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।
শনিবার স্বজনদের উপস্থিতিতে নিহতের দাফন কার্য সম্পাদন করা হবে বলে নিহতের স্বজনরা জানান।