জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফল প্রকাশ ২ ফেব্রুয়ারি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৯ হাজার ৮০৭ জন শিক্ষার্থীর মধ্যে ৬৭ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ৮৪ দশমিক ৭২ শতাংশ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারা দেশে গতকাল বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত  ১৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, এ বছর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কলা ও আইন অনুষদের ৭৮৫ আসনের বিপরীতে মোট ৭৯ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৮৪ দশমিক ৭২ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, আগামী ২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এরপর ১৯ এপ্রিল প্রথম বর্ষের (২০২৫-২৬) ক্লাস শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী।