সূচক ঊর্ধ্বমুখী ডিএসইর বাজার মূলধন বাড়লো ৪,৩১৭ কোটি

দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহের (২৫ থেকে ২৯ জানুয়ারি) লেনদেন শেষ হয়েছে। সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৩১৭ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ বা ৪ হাজার ৩১৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪ দশমিক ৭ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৩ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৯ দশমিক ০৭ পয়েন্ট বা ০ দশমিক ৮৮ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৯৭ কোটি টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৮৭৯ কোটি টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৪ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা বা ০ দশমিক ৬৩ শতাংশ।