ছাত্রদল নেত্রীর দেওয়া অপবাদের তীব্র নিন্দা জবি ছাত্রীসংস্থার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার এক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (৩১ জানুয়ারি) শাখা ইসলামি ছাত্রী সংস্থার সভানেত্রী সুখীমুন খাতুন এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে খাদিজাতুল কুবরা ছাত্রীসংস্থাকে নিয়ে বিভ্রান্তিকর, অসত্য ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। তার উপস্থাপিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা সবসময় শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা এবং ন্যায়ভিত্তিক আন্দোলনে বিশ্বাসী একটি আদর্শবাদী সংগঠন। সংগঠনটি কখনোই অনৈতিক, সহিংস বা উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত ছিল না এবং ভবিষ্যতেও হবে না ইনশা আল্লাহ।

ছাত্রীসংস্থা মনে করে, একটি রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধির কাছ থেকে এ ধরনের মিথ্যাচার ও দায়িত্বহীন বক্তব্য সম্পূর্ণ অনভিপ্রেত ও নিন্দনীয়।

এই প্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা খাদিজাতুল কুবরার নিকট থেকে উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় এবং ভবিষ্যতে এ ধরনের অসত্য ও উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানায়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অন্যথায় সংগঠনের সম্মান ও ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।