বগুড়া

মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দারিয়াপুর পালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার সুইট (৫৫) ও একই এলাকার আজিজার (৫৫)।

স্থানীয়দের বরাতে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে মাঠে আলুর জমি সেঁচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সুইট। প্রতিবেশী আজিজারও তার মোটর সাইকেলে উঠেন। দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আজিজার নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুইটকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।