বগুড়া থেকে সিরাজগঞ্জের পথে তারেক রহমান

টানা তিনদিন রাজশাহীসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় নির্বাচনী প্রচারণা শেষে আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানী ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পথিমধ্যে তিনি সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকায় এবং টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারম্যান বগুড়ার নাজ গার্ডেন হোটেল থেকে লাল-সবুজ বাসযোগে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন।

দলীয়সূত্রে জানা গেছে, পথিমধ্যে তারেক রহমান বগুড়ার শাহজাহানপুর ও ধুনটেও পথসভায় বক্তব্য দিতে পারেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিমানযোগে রাজশাহী যান বিএনপি চেয়ারম্যান। সেখানে জনসভায় অংশ নেওয়ার পর নওগাঁ ও বগুড়ায় জনসভায় অংশ নেন তিনি।

রাতে বগুড়ার নাজ গার্ডেনে অবস্থান করে পরদিন শুক্রবার নিজ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এবং রংপুরে জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান।