নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবে না

ভোটকেন্দ্র দখলের চেষ্টাকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, যারা ভোটকেন্দ্র দখল করতে আসবেন তারা একজনও বাড়ি ফিরতে পারবেন না।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নিবাচর্নী প্রচারণার সময় এ মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজ, মাদককারবারি, সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, তাদের হাত-পা ভেঙে দেয়া হবে। একদলের কথায় বোঝা যাচ্ছে উনারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

ঢাকা-৮ আসনে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জানিয়ে তিনি বলেন, একজন সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন, আবার পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যান। মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না, তাই এবার নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় হবে।

তিনি আরও বলেন, আমরা খোঁজ পাচ্ছি, গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্প সব শেষ হয়ে গেছে। তাদের মোকাবেলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি, তবে আমরা আইন হাতে তুলে নেবো না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।

নির্বাচনী ইশতেহার উল্লেখ করে পাটওয়ারী বলেন, শিক্ষা, স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচাবাজারের সংকটগুলা রয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাস, শহীদ ওসমান হাদির বিচার-এগুলা নিয়ে কাজ করবো। তবে এক নাম্বার এজেন্ডা ঢাকা-৮ এ শহীদ ওসমান হাদির বিচার। দুই নাম্বার হলো সন্ত্রাস, তারপরে মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি সমাজ গঠন। তৃতীয় হলো এখানে যেই ধরনের নারীদের উপর হ্যারাসমেন্ট করা হচ্ছে, মা বোনদের জন্য স্বাস্থ্যসেবা নিয়ে আসবো। স্কুলে দখল বাণিজ্য বন্ধ করব। 

এর আগে নিবাচর্নী প্রচারণায় খিলগাঁও বাজার, অফিসার্স কলোনি, মমিনবাগসহ আশেপাশের এলাকায় গণসংযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।