তিন হ্যাটট্রিকে ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত শুরু করল বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন মুনকি আক্তার, তৃষ্ণা রানী এবং আলপি আক্তার। মামনি চাকমার অলিম্পিক গোলে শুরুর পর ভুটানের জালে মুড়ি মুড়কির মতো গোল করতে থাকে বাংলাদেশ। জয় পায় ১২-০ গোলের বিশাল ব্যবধানে।

আজ শনিবার নেপালের পোখারায় রাউন্ড রবিন লিগের ম্যাচের শুরু থেকেই খেলা হতে থাকে ভুটানের অর্ধে। ২৫তম মিনিটে কর্নার থেকে দৃষ্টিনন্দন বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দেন মামনি। বিরতির আগে প্রীতির আড়াআড়ি ক্রস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন তৃষ্ণা। এই গোলের রেশ থাকতেই পুজা দাসের ফ্লিকে বল পেয়ে মুনকি স্কোরলাইন ৩-০ করে ফেলেন। এই মুনকিই প্রথমার্ধের যোগ করা সময়ে পায়ের দারুণ কারিকুরিতে নিজের দ্বিতীয় গোলটি করেন।

বিরতির পর ভুটানকে আরও চেপে ধরে বাংলাদেশ। ৫৪তম মিনিটে ডান পায়ের কোনাকুনি শটে তৃষ্ণা লক্ষ্যভেদ করেন। এর ছয় মিনিট পর গোলকিপারের ভুলে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। ৭২ মিনিটে ভুটানের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে তার সঙ্গে সেঁটে থাকা আলপি বাম পায়ের কোনাকুনি শটে ব্যবধান ৭-০ করে ফেলেন। ৮০তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে একক প্রচেষ্টায় বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন মুনকি।

ভুটানের দুর্ভোগের আরও বাকি ছিল। ৮৬ মিনিটে জয়নব বিবি রিতার ক্রস থেকে ডান পায়ের প্লেসিং শটে বল জালে পাঠান আলপি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরও তিন গোল করে বাংলাদেশ। মুনকি নিজের চতুর্থ গোলটি করার পর অধিনায়ক অপির্তা বিশ্বাস স্কোরকার্ডে নাম লেখান। একেবারে শেষ মুহূর্তে হ্যাটট্রিক পূরণ করেন গোলমেশিন খ্যাত আলপি। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।