ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত না: রশিদ খান

যতই দিন যাচ্ছে, ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়েছে আষ্টেপৃষ্ঠে। এতদিন ভারত-পাকিস্তানের মাঝে রাজনৈতিক উত্তেজনা ছিল, এখন সেটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এক অস্বস্তিকর সময় কাটাচ্ছে ক্রিকেটাঙ্গন। এই আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানোর বিষয়ে এবার মুখ খুললেন রশিদ খান।

‘স্পোর্টস তাক’কে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের লেগ স্পিন মহাতারকা রশিদ বলেছেন, ‘আমার মনে হয়, (স্পোর্টিং মানসিকতা) থাকা উচিত। প্রায়ই অনেকে বলে, ক্রিকেট ও রাজনীতি মেশানো উচিত না। মেশানো উচিত না হলে, মেশানো উচিত না। আমি জানি না, এই বিষয়ে কী বলা উচিত। এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্বরত ব্যক্তিরা আছেন। আমার জন্য... এটি আসলে আমার দেশ নয়। আমার দেশ হলে আমি সেভাবে বলতে পারতাম।’

ক্রিকেটের কারণে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান সারাবিশ্বে ভিন্নভাবে পরিচিত হচ্ছে বলেও মনে করেন রশিদ। তার মতে, খেলাধুলা বদলে দিয়েছে তার দেশকে। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের ভাষায়, ‘আমরা সবসময় বলি, খেলাধুলার মাধ্যমে একতা বাড়ে, সব দেশগুলো এক জায়গায় আসে। খেলাধুলার এটাই মজা। আফগানিস্তানের জন্য খেলাধুলা যা করেছে, অন্য কোনো কিছুই এটি করতে পারত না।’

বিশ্বজুড়ে আফগানিস্তানের নাম ছড়িয়ে দেওয়ার পেছনে ক্রিকেটের বড় ভূমিকা উল্লেখ করেন রশিদ, ‘খেলার কারণে বিশ্বব্যাপী আমাদের দেশের নাম ছড়িয়ে পড়েছে। এখন বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আফগানিস্তান নাম বললে মানুষ ক্রিকেটের কথা বলবে, ক্রিকেটারদের নাম বলবে। খেলাধুলার সৌন্দর্য্য এটাই। আমি এটি ভালোবাসি।’