'বিশ্বকাপ জিততেও চাও তো দুনিয়ার সব কিছু ভুলে যাও,' ব্রাজিল কিংবদন্তীর পরামর্শ

বিশ্বকাপে সাফল্যের জন্য নিখুঁত প্রস্তুতি ও ছোট ছোট বিষয়ের দিকে নজরই সবচেয়ে গুরুত্বপূর্ণ—এমনটাই মনে করেন ব্রাজিলের কিংবদন্তি অধিনায়ক কার্লোস দুঙ্গা। ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতানো এই মিডফিল্ডার ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বকাপ জয়ের জন্য দলগুলোকে প্রতিযোগিতামূলক সুবিধা খুঁজতে হতে হবে নিরলসভাবে।

দুঙ্গার মতে, বিশ্বকাপের লড়াই শুরু হয় অনেক আগেই—মাঠে নামার আগের প্রস্তুতিতে। তিনি বলেন, 'যে দেশ বিশ্বকাপ জেতে, তারা এমন কিছু করে যা অন্যরা করে না। আপনাকে ম্যাচ জিততে হবে অনুশীলনের আগেই—প্রস্তুতিতে।'

২০২৬ ফিফা বিশ্বকাপের সূচি চূড়ান্ত হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রস্তুতির তোড়জোড়। দুঙ্গার চোখে, ড্র অনুষ্ঠিত হওয়ার মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় আসল টুর্নামেন্ট। ১৯৯৪ সালের স্মৃতি টেনে এনে তিনি বলেন, শিরোপার পথে প্রস্তুতির গুরুত্ব কখনোই কমে না। সেই সময়কার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দুঙ্গা জানান, প্রযুক্তির সীমাবদ্ধতা থাকলেও প্রতিপক্ষ বিশ্লেষণে কোনো ঘাটতি ছিল না তাদের।

'অনেকে মনে করে আমরা তখন প্রতিপক্ষ নিয়ে পড়াশোনা করতাম না। কিন্তু করতাম। শুধু সময়টা একটু বেশি লাগত। আগে টিভি সম্প্রচারের জন্য অপেক্ষা করতে হতো, তারপর কোচিং স্টাফরা প্রতিটি দল নিয়ে কাজ শুরু করতেন।'

দুঙ্গার ভাষায়, তখন ভিডিও ফুটেজ বা ডেটার অভাব থাকলেও ছবির স্লাইড, নোট এবং আলোচনার মাধ্যমেই প্রস্তুতি চলত। এমনকি খাবারের টেবিলেও হতো কৌশলগত আলোচনা,'ডিনারের সময় ইউরোপের বিভিন্ন দেশে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের সঙ্গে বসে আমরা প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে কথা বলতাম। শুধু কারিগরি দক্ষতা নয়, খেলোয়াড়দের মানসিক বৈশিষ্ট্যও বিশ্লেষণ করতাম। সেটাই আমাদের বাড়তি সুবিধা এনে দিত।'

দুঙ্গার মতে, আধুনিক ফুটবলে তথ্য পাওয়া এখন আর চ্যালেঞ্জ নয়—বরং সঠিক তথ্য বেছে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, 'এখন তথ্যের অভাব নেই, বরং অতিরিক্ত তথ্য আছে। কোনটা কাজে লাগবে, সেটি বাছাই করার মানদণ্ড থাকতে হবে, না হলে মানুষ তথ্যের ভিড়েই হারিয়ে যাবে।'

প্রতিপক্ষকে জানা যথেষ্ট নয়—সেই পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করাই আসল কাজ। দুঙ্গার মতে, বিশ্বকাপে প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ভুলই বদলে দিতে পারে পুরো দলের ভাগ্য। 'শুধু প্রতিপক্ষ নিয়ে পড়াশোনা করলে হবে না। প্রতিদিন উন্নতি করতে হবে। বিশ্বকাপে তাৎক্ষণিক সিদ্ধান্ত বা কেবল প্রতিভার ওপর ভর করে জেতা যায় না।'
মানসিক শক্তিকেও বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখেন দুঙ্গা, 'বিশ্বকাপ জিততে হলে আপনাকে যেকোনো প্রতিপক্ষকে হারানোর মানসিকতা রাখতে হবে।'

শৃঙ্খলা ও আত্মত্যাগ—এই দুটি বিষয়কে তিনি শিরোপা জয়ের ভিত্তি হিসেবে তুলে ধরেন, 'বিশ্বকাপ জিততে হলে সবাইকে মূল্য দিতে রাজি থাকতে হবে। ট্রফি তোলার যে মূল্য, তা খুব বড়—তবু সেটাই সার্থক।'

এই মূল্য দিতে গিয়ে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই সাময়িকভাবে বিসর্জন দিতে হয় বলেও মনে করেন তিনি, 'এই ৩০ দিনের জন্য আপনাকে বাইরের দুনিয়া ভুলে যেতে হবে—পরিবার, সবকিছু। শুধু নিজের কাজের দিকেই মনোযোগ দিতে হবে।'

ডুঙ্গার দর্শনে দলগত সাফল্যই শেষ পর্যন্ত ব্যক্তিগত স্বীকৃতি এনে দেয়। তিনি প্রায়ই একটি বাক্য ব্যবহার করেন, 'দলগত জয়, ব্যক্তিগত পুরস্কার।'

তার মতে, বিশ্বকাপ জয়ের পেছনে শুধু মাঠের ১১ জন খেলোয়াড় নয়, পুরো কাঠামোর সম্মিলিত প্রচেষ্টা জরুরি, 'একই নৌকায় থাকলেই হবে না, সবাইকে একই দিকে বৈঠা চালাতে হবে।'

সবশেষে ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই অধিনায়কের কণ্ঠে শোনাল বিশ্বকাপের মাহাত্ম্য, 'এই ৩০ দিনের মধ্যেই আপনি এমন কিছু অর্জনের সুযোগ পাবেন, যা জীবনে আর কখনো নাও পেতে পারেন।'