সাবালেংকার ওপর প্রতিশোধ রিবাকিনার, জিতলেন দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নাটকীয় ফাইনালে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন এলেনা রিবাকিনা। শনিবার ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটের এই জয়ে ২০২৩ সালের ফাইনালের হারের প্রতিশোধও নিলেন কাজাখস্তানের পঞ্চম বাছাই এই তারকা।

চার বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রথম সেট জিতেও শেষ পর্যন্ত হেরে গিয়েছিলেন রিবাকিনা। এবার শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নামেন তিনি। ম্যাচের প্রথম গেমেই সার্ভ ব্রেক করে প্রথম সেট নিজের করে নেন। দ্বিতীয় সেট হারানোর পর তৃতীয় সেটে ০–৩ গেমে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।

টানা পাঁচটি গেম জিতে ম্যাচে ফেরেন রিবাকিনা এবং প্রথম চ্যাম্পিয়নশিপ পয়েন্টেই একটি এস মেরে শিরোপা নিশ্চিত করেন।

এটি রিবাকিনার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন তিনি। জন্মসূত্রে মস্কোর হলেও ২০১৮ সাল থেকে আর্থিক কারণে কাজাখস্তানের পতাকা নিয়ে খেলছেন রিবাকিনা।

অন্যদিকে সাবালেঙ্কার জন্য এটি ছিল আরেকটি হতাশার ফাইনাল। টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেও এবার শিরোপা হাতছাড়া করেন বেলারুশের এই তারকা। ম্যাচ শেষে চোখে জল নিয়ে কোর্ট ছাড়তে দেখা যায় তাকে।

বৃষ্টির কারণে ছাদ বন্ধ থাকা রড লেভার অ্যারেনায় শুরু থেকেই নিয়ন্ত্রণ নেন রিবাকিনা। শুরুতে সার্ভ ভেঙে ২–০ লিড নেন তিনি। প্রথম সেটে ৪–৩ গেমে দুটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে একটি এস মারেন, যাতে স্পষ্ট হতাশা দেখা যায় সাবালেঙ্কার মধ্যে। ৩৭ মিনিটে প্রথম সেট জিতে নেন রিবাকিনা। ২০২৬ মৌসুমে এটিই ছিল সাবালেঙ্কার হারানো প্রথম সেট।

দ্বিতীয় সেটের শুরুতেই দীর্ঘ লড়াইয়ের মধ্যে তিনটি ব্রেক পয়েন্ট বাঁচান রিবাকিনা। তবে ৫–৪ গেমে রিবাকিনার সার্ভে তিনটি সেট পয়েন্ট তৈরি করে প্রথম সুযোগেই সেট জিতে ম্যাচ সমতায় ফেরান সাবালেঙ্কা।

নির্ধারক সেটে সাবালেঙ্কা প্রথমে ছন্দে ফেরেন। টানা গেম জিতে ৩–০ ব্যবধানে এগিয়ে যান তিনি। তখন কিছুটা চাপে পড়ে যান রিবাকিনা। তবে দ্রুত নিজেকে গুছিয়ে নেন কাজাখ তারকা। সার্ভ ধরে রেখে পরে ব্রেক ফিরিয়ে এনে ৩–৩ সমতা ফেরান রিবাকিনা।

এরপর আবার গতি বাড়ান রিবাকিনা। টানা চারটি গেম জিতে ৪–৩ ব্যবধানে এগিয়ে যান এবং নিজের সার্ভ ধরে রেখে শিরোপার একেবারে কাছে পৌঁছে যান। শেষ পর্যন্ত ম্যাচের ষষ্ঠ এস মেরে চ্যাম্পিয়ন হন রিবাকিনা।

ম্যাচজুড়ে রিবাকিনার সার্ভ ছিল বড় অস্ত্র। তিনি ছয়টি এস মারেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ব্রেক পয়েন্ট সামলে শান্ত ও স্থির মানসিকতায় খেলেন। বিপরীতে সাবালেঙ্কা ম্যাচের শেষভাগে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন; কোর্টজুড়ে তার ‘লেটস গো’ চিৎকারও বাড়তে থাকে। তবে রিবাকিনা ছিলেন প্রায় নির্বিকার।

নেটের কাছে ম্যাচ শেষে একে অপরকে আলিঙ্গন করেন দুজন। দর্শকদের দিকে হাত তুলে র‍্যাকেট উঁচু করে বিজয় উদ্‌যাপন করেন রিবাকিনা।

এই ফাইনালের আগে দুই খেলোয়াড়ের মুখোমুখি লড়াই হয়েছিল ১৪ বার, যার মধ্যে আটবার জিতেছিলেন সাবালেঙ্কা। ফাইনালে সাবালেঙ্কাই ছিলেন ফেভারিট। তবে সাম্প্রতিক ফর্মে থাকা রিবাকিনা আবারও প্রমাণ করলেন বড় মঞ্চে তিনি কতটা ভয়ংকর।

গত নভেম্বরে মৌসুম শেষের ডব্লিউটিএ ফাইনালের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন রিবাকিনা। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই ইগা শভিয়নতেক এবং সেমিফাইনালে ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলাকেও হারান তিনি।