শেষ মুহূর্তে সিনেটের অনুমোদিত অর্থায়ন চুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আংশিকভাবে শাটডাউনে গেছে। শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাত থেকে এই অর্থসংকট কার্যকর হয়, যদিও সিনেট অধিকাংশ সরকারি সংস্থার জন্য সেপ্টেম্বর পর্যন্ত অর্থ বরাদ্দে সম্মত হয়েছে।
চুক্তি অনুযায়ী, অভিবাসন কার্যক্রম তদারককারী হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) মাত্র দুই সপ্তাহের জন্য অর্থ পাবে। তবে প্রতিনিধি পরিষদের অনুমোদন না পাওয়ায় পুরো বিলটি এখনো কার্যকর হয়নি। প্রতিনিধি পরিষদ বর্তমানে অধিবেশনের বাইরে রয়েছে।
মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার পর অভিবাসন সংক্রান্ত অতিরিক্ত অর্থায়নে ডেমোক্র্যাটদের আপত্তির মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতায় পৌঁছান।
গত এক বছরে এটি দ্বিতীয় সরকারি শাটডাউন। এর আগে ২০২৫ সালে টানা ৪৩ দিনের শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ছিল, যা ব্যাপকভাবে সরকারি সেবা ব্যাহত করে এবং লাখো কর্মীকে বেতনহীন করে তোলে।
এবারের শাটডাউন দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা কম, কারণ সোমবার প্রতিনিধি পরিষদ আবার অধিবেশনে বসবে। তবে হোয়াইট হাউস পরিবহন, শিক্ষা ও প্রতিরক্ষা বিভাগসহ কয়েকটি সংস্থাকে শাটডাউন কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে।
এদিকে ডেমোক্র্যাটরা ডিএইচএসের দুই সপ্তাহের অর্থায়নের সময়সীমার মধ্যে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ওপর কড়া নজরদারি ও নীতিগত সংস্কারের দাবি জানিয়েছে। মিনিয়াপোলিসের ঘটনার পর অভিবাসন এজেন্টদের কর্মকাণ্ড নিয়ে উভয় দলের আইনপ্রণেতারাই সমালোচনা করেছেন।
ঘটনাটি নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একটি নাগরিক অধিকার তদন্ত শুরু করেছে।