হঠাৎ পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিল, জল্পনা তুঙ্গে

 টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের অনিশ্চয়তা আরও এক ধাপ বেড়েছে। শনিবার হঠাৎ করেই জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচনের অনুষ্ঠান বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, “অনিবার্য পরিস্থিতির” কারণে নির্ধারিত কিট উন্মোচন অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচের টসের পরপরই বিশ্বকাপ জার্সি উন্মোচনের কথা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। 

আগামী সোমবার পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সে পর্যন্ত এমন কোনো প্রতীকী পদক্ষেপও নিতে চায় না পিসিবি, যা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত বলে ধরে নেওয়া হতে পারে। সরকারিভাবে অবশ্য পিসিবি বিষয়টি নিয়ে সংযত অবস্থান বজায় রেখেছে। বোর্ড জানিয়েছে, তারা সরকারের দিকনির্দেশনার সঙ্গেই নিজেদের অবস্থান মিলিয়ে চলবে।

এর মধ্যেই ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পিসিবি ইতোমধ্যে তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপ দলকে আগামী ২ ফেব্রুয়ারি ভোরে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে পাঠানোর সূচি নির্ধারণ করে ফেলেছে। ফলে পুরো টুর্নামেন্ট কিংবা ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচ বয়কট করার সম্ভাবনা কার্যত নাকচ হয়ে যাচ্ছে।

একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, “বিশ্বকাপ দলের জন্য ২ ফেব্রুয়ারি ভোরে কলম্বো যাওয়ার সব ভ্রমণ ব্যবস্থা ইতোমধ্যেই সম্পন্ন করেছে পিসিবি।” ভারতে খেলতে গিয়ে নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্বেগের বিষয়ে পিসিবি পূর্ণ সমর্থন জানিয়েছে। তবে আইসিসির ভেতরে নিজেদের অবস্থান ক্ষতিগ্রস্ত না করে এর বাইরে গিয়ে কিছু করার সুযোগ তাদের নেই।