নির্বাচনের সময় এলে হঠাৎ করে আমাদের চারপাশ ভরে যায় কিছু চেনা শব্দে। এই শব্দগুলো আমরা আগেও শুনেছি, বহুবার শুনেছি কিন্তু নির্বাচন এলেই এদের কণ্ঠস্বর বদলে যায়, অর্থ ভারী হয় আর ব্যবহার হয় খুব যতœ করে। ভোটের আগে এই শব্দগুলোর মানে এক রকম, আশাবাদী ও ঝকঝকে; ভোটের পরে সেই একই শব্দ অন্য রকম শোনায় কখনো ধোঁয়াটে, কখনো নীরব, কখনো কেবল কাগজে আটকে থাকা। এই শব্দগুলোর জন্ম, বেড়ে ওঠা আর ব্যবহার নিয়ে আমরা খুব কমই প্রশ্ন করি। তাই এই লেখাটি সেই পরিচিত কিন্তু বদলে যাওয়া শব্দগুলোরই এক ধরনের শব্দকোষ যেখানে সংজ্ঞা আছে, কিন্তু পাঠ্যবইয়ের মতো নয়; আছে ব্যঙ্গ, আছে রসিকতা আর আছে নির্বাচনী বাস্তবতার সঙ্গে আমাদের চেনা অভিজ্ঞতার একটু হাস্যকর মুখোমুখি হওয়া।
গণতন্ত্র
একটি উৎসবমুখর প্রক্রিয়া।
যেখানে পাঁচ বছরের জন্য একজনকে নির্বাচিত করা হয়, যাতে পরবর্তী পাঁচ বছর তিনি জনগণের জন্য নয়, বরং নিজের দলের জন্য ‘গণ’হারে সব করতে পারেন।
সংস্কার
খুব দরকারি একটি শব্দ।
নির্বাচনের আগেই উচ্চারণে আসে, ঘোষণাপত্রে ঢুকে পড়ে, টকশোতে আলোচনায় ঘোরে।
ভোট শেষ হলে এই শব্দটাকে শেষবার দেখা যায় কমিটি গঠনের নোটিসে।
ইশতেহার
পলিটিক্যাল সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের বই।
ভোটের আগে সবাই পড়ে রোমাঞ্চিত হয় আর ভোটের পরে লাইব্রেরির ওপরের তাকে ধুলো জমাতে যায়।
জনস্বার্থ
সব সিদ্ধান্তের শেষে জুড়ে দেওয়া হয়।
যে সিদ্ধান্তে কার স্বার্থরক্ষা হলো কেউ বুঝতে পারে না, সেখানে এই শব্দটাই সবচেয়ে মানানসই।
উন্নয়ন
একটি বহুল ব্যবহৃত ও অত্যন্ত বহুমুখী শব্দ। মাইকে বললে খুব গম্ভীর শোনায়, ব্যানারে ঝোলালে ঝকঝকে লাগে,
বক্তৃতায় উচ্চারণ করলে হাততালি পাওয়া যায়।
কিন্তু কাছে গিয়ে খুঁজলে দেখা যায় উন্নয়ন এখনো চলমান আর জনগণ অপেক্ষমাণ।
সময়
সব প্রতিশ্রুতির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু।
সময় লাগবে, সময় দিন, সময় বুঝে হবে সবাই সময়ের ওপর দায় চাপায়, শুধু সময়টাই নীরবে পেরিয়ে যায়।
উদ্বোধন
একই কাজ বারবার করার শিল্প।
ফিতা কাটার কাঁচি যতবার ধারালো হয়, প্রকল্পের কাজ ততটাই ভোঁতা হয়ে পড়ে থাকে।
কমিটি
সমস্যা সমাধানের আধুনিক পদ্ধতি।
সমস্যা থাকলে কমিটি, সমাধান না এলে উপকমিটি আর দেরি হলে আরেকটা পর্যালোচনা কমিটি।
উদ্বেগ
উচ্চপদস্থ ব্যক্তিদের একমাত্র ‘অ্যাকশন’।
যখন কোনো সমস্যার সমাধান জানা থাকে না, তখন গম্ভীর মুখে উদ্বেগ প্রকাশ করা হয়।
জবাবদিহি
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা।
বর্তমানকালে খুব কম দেখা যায়, ভবিষ্যৎ কালেই বেশি ব্যবহৃত হয়।
সময় হলে, তদন্ত শেষে, উপযুক্ত সময়ে জবাবদিহি হবে।
ভিশন
দূরের জিনিস দেখার অসাধারণ ক্ষমতা।
দশ বছর, বিশ বছর পরে কী হবে সব পরিষ্কার দেখা যায়।
কিন্তু আজকের সমস্যা, এই ভিশনে ধরা পড়ে না।
গণসংযোগ
সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানোর বিশেষ ঋতু।
এ সময় নেতারা এতটাই নিচে নামেন যে, মাঝে মাঝে সাধারণ মানুষ ভুল করে তাদের নিজেদের স্তরের ভেবে বসে।
আশ্বাস
নির্বাচনী মৌসুমি ফল।
প্রচারণার সময় টাটকা থাকে, ভোটের পর নিজে নিজেই ঝরে যায়।
ডিজিটাল
এমন এক জাদুর কাঠি, যা দিয়ে যেকোনো সাধারণ দুর্নীতিকে খুব স্মার্টলি আড়াল করা যায়।