রাজধানীর মুগদা ও রামপুর এলাকায় পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিহতরা হলেন রিমা আক্তার (১৮) ও হাসান ভূঁইয়া (৪৩)। গতকাল শনিবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মা-া প্রথম গলির আব্দুল করিম রোডের মতিন মিয়ার বাড়ি থেকে রিমার লাশ উদ্ধার করা হয়। তার বাবার নাম আব্দুল রহিম। আর স্বামী মো. উজ্জল। গ্রামের বাড়ি চাঁদপুর শাহারাস্তি উপজেলায়। শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় বাসায় সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়টি তদন্ত করছে পুলিশ।
অন্যদিকে, শুক্রবার সকালে পূর্ব রামপুরার জামতলা এলাকার ১৩২/১/এ নম্বর বাড়ির ছাদের সিঁড়ি ঘরের লোহার পাইপের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় হাসান ভূঁইয়ার মরদের উদ্ধার করে রামপুরা থানা পুলিশ। উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বলেন, ওই বাসায় থাকতেন হাসান। তিনি পেশায় বেকার ছিলেন। তার লাশ যখন লোহার পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল, তখন পা দুটি ফ্লোরের সঙ্গে লাগানো ছিল। এজন্য তার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) আবাসিক হল থেকে উপমা দত্ত নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় আজ শনিবার। উপমার বাড়ি মাগুরা জেলার সর্বসাংদা গ্রামে। তিনি সিভাসুতে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।