রাজধানীর ওয়ারীতে পাস্তা ক্লাব নামে একটি রেস্টুরেন্টে ওভেন বিস্ফোরণে দুইজন দগ্ধসহ মোট ৮ জন আহত হয়েছেন।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওয়ারী র্যাঙ্কিন স্ট্রিট লেন এলাকার বাটা শোরুমের পাশের একটি ভবনের তৃতীয় তলার রেস্টুরেন্টটিতে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে রেস্টুরেন্টের ভেতরে থাকা ওভেনে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে আগুন নির্বাপণ করে। অগ্নিকা-ের কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, রেস্টুরেন্টে ওভেন বিস্ফোরণে দুইজন দগ্ধসহ মোট ৮ জন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন।
আহতরা হলেন, জসিম (২৮), কামরুল (৩২), মোস্তফা (২৭), শাহ আলম (৩০), ইউসুফ (২১), মেহেদী (৩০), আবির (২৪) ও সৌরভ (২৫)।
এদের মধ্যে দুইজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। বাকিরা জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী পাস্তা ক্লাব রেস্টুরেন্টে ওভেন বিস্ফোরণের ফলে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হলেও কারও অবস্থা গুরুতর নয়। দুইজন সামান্য দগ্ধ হয়েছেন এবং সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।