স্পেনের লা লিগায় এলচের বিপক্ষে জয় তুলে নিয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে বার্সেলোনা। ম্যাচে গোল করেছেন মার্কাস রাশফোর্ডসহ তিনজন, আর এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেছে কাতালান ক্লাবটি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ষষ্ঠ মিনিটে দানি ওলমোর বাড়ানো বল ধরে এলচের গোলরক্ষক ইনিয়াকি পেনাকে পরাস্ত করে ফাঁকা জালে বল পাঠান ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল। তবে ২৯ মিনিটে সমতায় ফেরে এলচে। বার্সেলোনার হাই লাইন ভেঙে আলভারো রদ্রিগেজ ঠান্ডা মাথায় দূরের কর্নারে বল জড়িয়ে দেন।
বিরতির আগেই আবার লিড নেয় বার্সেলোনা। ৪০ মিনিটে ফ্রেনকি ডি ইয়ংয়ের কাট-ব্যাক থেকে ফেরান তোরেস দুর্দান্ত শটে বল জালে পাঠান। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামা মার্কাস রাশফোর্ড ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করেন। ইয়ামালের নিচু ক্রস থেকে কাছ থেকে ট্যাপ-ইন করে দলের তৃতীয় গোল করেন তিনি। চলতি মৌসুমে এটি রাশফোর্ডের ১০ম গোল। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষে গোল করার পর টানা দ্বিতীয় ম্যাচেও জালের দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা এই ফরোয়ার্ড।
ম্যাচজুড়ে আধিপত্য ছিল বার্সেলোনারই। দানি ওলমোর শট পোস্টে লাগে, ফেরান তোরেসও একাধিকবার ক্রসবারে বল লাগান। বিরতির ঠিক আগে গোলরক্ষককে কাটিয়ে নেওয়ার পরও তোরেসের শট লাইন থেকে ক্লিয়ার করেন এলচে ডিফেন্ডার ভিক্টর চুস্ত। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতেই জয় পেল বার্সেলোনা। ফলে রিয়াল মাদ্রিদের ওপর চাপ আরও বাড়ল। একটি ম্যাচ কম খেলা রিয়াল আজ রায়ো ভায়েকানোর বিপক্ষে জিতলে পয়েন্ট ব্যবধান কমে একে নেমে আসতে পারে।