শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

কামরাঙ্গীরচর এলাকায় ৪ বছর বয়সী এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সজিবকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর বড়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পরে ওই শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শিশুটির বাবা অভিযোগ করে জানান, শনিবার রাতে পাশের বাসার ভাড়াটিয়া সজিব শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার করলে আশেপাশের লোকজন টের পেয়ে যায়। তখন তারা সজিবের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে। 

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, রাতে কামরাঙ্গীরচর এলাকায় একটি বাসায় শিশুকে ধর্ষণের চেষ্টা করে সজিব নামে এক যুবক। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন অভিযুক্ত সজিবকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। শনিবার রাতেই শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দিয়েছে স্বজনরা। এরপর তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত সজিবকে (১৮) গ্রেপ্তার দেখানো হয়েছে।