১৫ বছর পর মেডেলিনে গিয়েই জয়ের দেখা পেলেন মেসি

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে কলম্বিয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে নাটকীয় প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। মেডেলিনের আতানাসিও গিরার্দো স্টেডিয়ামে আতলেতিকো নাসিওনালকে ২-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। মেডেলিন হল কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। ১৫ বছর পর এই শহরে এসেই জয়ের দেখা পেলেন মেসি।

শনিবার সন্ধ্যায় আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে দেখতে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ছিল। গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। মাঠের বাইরেও ছিলেন অনেক দর্শক। স্টেডিয়ামে কলম্বিয়ান সংগীতশিল্পী মালুমাসহ অনেক তারকা উপস্থিত ছিলেন। কলম্বিয়ান দর্শকরাও প্রতিপক্ষের সমর্থক হওয়া সত্ত্বেও মেসির নামে স্লোগান দেন। মেসি ম্যাচের ৭৫ মিনিট খেলেছেন। একবার সুযোগ পেলেও প্রতিপক্ষ গোলকিপার তা আটকে দেয়।

ম্যাচের প্রথম গোল আসে ২৫ মিনিটে। আতলেতিকো নাসিওনালের মিডফিল্ডার হুয়ান রেনগিফোর শক্তিশালী শট ইন্টার মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের নাগালের বাইরে দিয়ে জালে প্রবেশ করে। প্রথমার্ধে ইন্টার মায়ামি খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। তবে মেসি একটি সুযোগ পেয়েছিলেন। ডান প্রান্ত লক্ষ্য করে নেওয়া তার শট নাসিওনালের গোলরক্ষক ডেভিড ওস্পিনা ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়। ৫৫ মিনিটে সমতায় ফেরে ইন্টার মায়ামি। নাসিওনালের গোলরক্ষক হারলেন কাস্তিলোর ভুলে দ্রুত আক্রমণে ওঠে মায়ামি। মেসির নিচু শট পোস্টে লেগে ফিরে এলে লুইস সুয়ারেজ কাছ থেকে বল জালে পাঠান। শেষ মুহূর্তে ম্যাচে নাটকীয় মোড় নেয়। যোগ করা সময়ে (৯১ মিনিটে) ডেভিড রুইজের স্কয়ার পাস সান্তিয়াগো মোরালেসের দিকে গেলে বলটি ডিফেন্ডার এলকিন রিভেরোর গায়ে লেগে জালে ঢুকে পড়ে।

আত্মঘাতী সেই গোলেই জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি। ম্যাচে নতুন দুই খেলোয়াড়ের অভিষেকও হয়। বদলি হিসেবে নামেন নতুন ফরোয়ার্ড জার্মান বেরতেরামে ও ব্রাজিলিয়ান সেন্টারব্যাক মিকায়েল। ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘দল হিসেবে আমরা এখন নিজেদের পরিচয় আরও স্পষ্টভাবে তুলে ধরতে পারছি। পারফরম্যান্সেও উন্নতি এসেছে। এখনও অনেক কিছু উন্নত করতে হবে, তবে লম্বা সময়জুড়ে আমরা ভালো খেলেছি।’