ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-তে আজ আটদিনব্যাপী ইউসিটিসি ফেস্ট–২০২৬-এর গ্র্যান্ড ক্লোজিং সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানা ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সমাপনী দিনে ক্রিকেট ফাইনাল ম্যাচে সিভিল বিভাগকে পরাজিত করে এমবিএ বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি রিলে রেস ও লং জাম্পসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সালাহউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসসি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আবু জাবেদ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার এস এম শহিদুল আলম, সকল বিভাগের প্রধান, কোঅর্ডিনেটর, শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পোর্টস কোঅর্ডিনেটর মোহাম্মদ আকরামদুল্লাহ এবং স্পোর্টস কো-কোঅর্ডিনেটর ইসমাইল বিন আজিজ আলভি।
খেলাধুলা শেষে সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও ব্যান্ড পারফরম্যান্স অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে ইউসিটিসি ফেস্ট–২০২৬-এর সফল সমাপ্তি ঘোষণা করা হয়।