মেয়ের বিয়ে দিয়ে শ্বশুর–শাশুড়ি হলেন চিত্রতারকা দম্পতি শাবনাজ–নাইম। তাদের বড় মেয়ে মাহাদিয়া নাইমের বিয়ের আনুষ্ঠানিকতার খবর জানালেন তারা। বিষয়টি এখন জানালেও মেয়ের বিয়ে হয় ২৪ ডিসেম্বর। চিত্রনায়িকা শাবনাজ জানান, রাজধানীর গুলশান ক্লাবে মাহাদিয়ার বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হয়। মেয়ে ও জামাইয়ের নতুন জীবনের জন্য সবার দোয়া কামনা করেছেন তারা।
জানা গেছে, পারিবারিক পরিসরেই বিয়ের মূল আয়োজন সম্পন্ন হয়। মাহাদিয়ার জীবনসঙ্গীর নাম ইহসান মনসুর চৌধুরী। দুজনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহাদিয়া নাঈমও। তিনি অভিনয়ে নিয়মিত না হলেও একসময় একটি বাটার বিজ্ঞাপনে কাজ করেছিলেন। পাশাপাশি গান গেয়ে নিজের পরিচিতিও গড়ে তুলেছেন।
মাহাদিয়ার স্বামী ইহসান বিদেশে পড়াশোনার পাশাপাশি চাকরিতে যুক্ত রয়েছেন। অন্যদিকে মাহাদিয়া কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের বিয়ের খবর জানিয়ে দোয়া চেয়েছেন চিত্রনায়ক নাইম। তিনি বলেন, মেয়েকে বিদেশে পাঠানোর অভিজ্ঞতা তাদের আগেও হয়েছে, তবে এবারের বিদায়টা ছিল ভিন্ন অনুভূতির। শাবনাজও জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন এবং নবদম্পতির সুখী দাম্পত্য কামনা করছেন।