যশোর

তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণায় যশোর যাচ্ছেন। এদিন দুপুর ১২টায় উপশহর ডিগ্রি কলেজ মাঠে জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। যশোরে এটিই হতে যাচ্ছে তার জীবনের প্রথম সরাসরি রাজনৈতিক জনসভা। তার আগমনকে ঘিরে জেলা বিএনপি নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত।

ইতোমধ্যে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শুভেচ্ছা মিছিল বের করা হয়।  এছাড়া জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডেও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়েও তারেক রহমান যশোরে কোনো কর্মসূচিতে অংশ নেননি। এরপর দীর্ঘ ১৮ বছর তিনি দেশে ছিলেন না। দেশের বাইরে থাকার সময় তিনি ভার্চুয়ালি বিভিন্ন কর্মসূচিতে যুক্ত ছিলেন। এবারই প্রথম তিনি স্বশরীরে যশোরে জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন।

তিনি জানান,তারেক রহমানের সফরকে কেন্দ্র করে শুক্রবার রাতে জেলা বিএনপির উদ্যোগে পৃথক দুটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একটিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা এবং অন্যটিতে ধানের শীষের প্রার্থীদের সঙ্গে বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন। সভাগুলোতে নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জনসভায় দুই লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এবিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনগুলো নানা প্রস্তুতি নিয়েছে। জেলা থেকে গ্রাম পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা।

তার দাবি, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

তার সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জনসভাকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিট দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।