লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিরল এক কীর্তি গড়েছেন পাকিস্তানের স্পিনাররা। ম্যাচটিতে স্বাগতিক দলের স্পিনাররাই অস্ট্রেলিয়ার ইনিংসের ১০ উইকেট তুলে নিয়েছেন। আবরার আহমেদ ও শাদাব খান নিয়েছেন তিনটি করে উইকেট। উসমান তারিক ২টি আর সাইম আইয়ুব ও মোহাম্মদ নওয়াজ পেয়েছেন ১টি করে উইকেট।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ১০ম বারের মতো এই ঘটনা ঘটল। তবে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যকার ম্যাচে এমন ঘটনা ঘটেছে মাত্র দ্বিতীয়বার। এর আগে ২০২২ সালে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের স্পিনাররা একই কীর্তি গড়েছিলেন।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৮ রান। জবাবে অস্ট্রেলিয়া দল ১৬ ওভারেই মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায়। ফলে পাকিস্তান ৯০ রানের বড় ব্যবধানে জয় পায়। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পাকিস্তান অংশ নিলে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। অস্ট্রেলিয়াকে হারানোর মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তার জানান দিল পাকিস্তান। উপমহাদেশের মাটিতে পাকিস্তানকে হেলাফেলা করার সুযোগ নেই।