ফুটবলের মাঠে যেমন ছিলেন দুর্দান্ত নেতা, মাঠের বাইরেও তেমনি বড় হৃদয়ের মানুষ চেলসির কিংবদন্তি অধিনায়ক জন টেরি। এবার তিনি শিশুদের কল্যাণে খ্যাতিমান তিন ফুটবল তারকার ঐতিহাসিক জার্সি নিলামে বিক্রি করে প্রায় ৩ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করেছেন।
নিলামে সবচেয়ে বেশি আলোচনায় আসে লিওনেল মেসির জার্সি। ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ম্যাচে পরা বার্সেলোনার কমলা রঙের জার্সিটি বিক্রি হয়েছে ১ লাখ ৩২ হাজার ২৯২ পাউন্ডে। এই জার্সিটি ফুটবল ইতিহাসে নিলামে বিক্রি হওয়া চতুর্থ সর্বোচ্চ মূল্যের জার্সি হিসেবে জায়গা করে নিয়েছে।
এছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সি বিক্রি হয়েছে প্রায় ৮৩ হাজার ৭৮৫ পাউন্ডে। জার্সিটির পেছনে রোনালদোর অটোগ্রাফও ছিল। অন্যদিকে আর্সেনালের কিংবদন্তি থিয়েরি অরির জার্সি বিক্রি হয়েছে প্রায় ৬৭ হাজার ৮২৩ পাউন্ডে। অরি জার্সিতে টেরির উদ্দেশে লিখেছিলেন, ‘জনের জন্য, ভালো কাজ চালিয়ে যাও।’
মোট ৫৯টি স্মরণীয় সামগ্রী নিলামে বিক্রি করে প্রায় ৫ লাখ পাউন্ড সংগ্রহ করেছেন টেরি, যার একটি বড় অংশ শিশুদের জন্য কাজ করা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে। জন টেরি ফাউন্ডেশন ইতোমধ্যে ‘রেজ অব সানশাইন’ ও ‘মেইক আ উইশ ইউকে’-সহ বিভিন্ন শিশু কল্যাণ সংস্থাকে সহায়তা করছে।
টেরির এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। নিজের ইনস্টাগ্রামে মেসির জার্সির গুরুত্ব তুলে ধরে টেরি বলেন, ‘এই জার্সিটি খুবই বিশেষ। মেসি খুব কম সময় কমলা রঙের কিট পরেছিলেন। ম্যাচে আমরা খুব কাছাকাছি ছিলাম, তাই শেষ মুহূর্তে আমি তার জার্সি পাওয়ার চেষ্টা করেছিলাম।’