ফরিদপুরের বোয়ালমারীতে মাঘীপূর্ণিমা উপলক্ষে পাপমোচনের বাসনায় সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামে অবস্থিত কয়রা কালীমন্দির ঘেঁষে প্রবাহিত বারাসিয়া নদীতে এ পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এ নদীতে স্নান শত বছরের পুরোনো ঐতিহ্য এবং বিভিন্ন জেলা থেকে আসেন পুণ্যার্থীরা।
রবিবার (১ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান, পূজা, নাম কীর্তন ও নানা আয়োজনের পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা। মাঘী পূর্ণিমা তিথিতে এ পুণ্যস্নানের মাধ্যমে পুণ্যার্থীরা কালী মায়ের কাছে প্রার্থনা করে নিজেদের পাপ মোচন করেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের ঢল নামে। এই তীর্থস্নানে হাজারো ভক্তরা অংশ নেন। গঙ্গাস্নানের অংশ হিসেবে বারাসিয়া নদীর এ ঘাটে এ স্নান করা হয়।
জেলার আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের বাসিন্দা সবিতা সাহা বলেন, 'দীর্ঘদিন যাবত এখানে আসি আমি। স্নান করে মন্ত্র পাঠ করে প্রসাদ গ্রহণ করি। এবছর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে এসেছি।'
কয়রা কালী মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা জানান, শত বছর ধরে কয়রা কালীমন্দির সংলগ্ন বারাসিয়া নদীতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের বাইরে থেকে ভক্তরা এখানে আসেন। স্নান শেষে সকলকে প্রসাদ দেওয়া হয়।