বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ৪৬টি ব্যাংক হিসাবে থাকা ৩৩ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৩৩৫ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক (গোয়েন্দা) মো. হোসাইন শরীফ তাদের ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্ত সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাব থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র স্থানান্তর ও বিদেশে পাচারের প্রচেষ্টা করা হচ্ছে।

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, এসব ব্যাংক হিসাবে বাহাউদ্দিন নাছিম ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অপরাধলব্ধ অর্থ লেনদেন ও জমা করেছেন। এই ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। এজন্যই এসব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত বা অবরুদ্ধ করা জরুরি বলে আদালতকে জানায় দুদক।