ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, নাগরিক সুবিধাবঞ্চিত ঢাকা-৯ আসনকে নিরাপদ, গণতান্ত্রিক এবং উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টার সঙ্গে কাজ করব। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন এ দেশের রাজনীতি স্থিতিশীল করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁয়ের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোজ গার্ডেন সোসাইটির সাথে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, এই নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচন নয়। বহু সহযোদ্ধা রক্ত দিয়েছেন, অনেকেই এখনও নিখোঁজ। তাদের ত্যাগের বিনিময়ে আমাদের অবশ্যই নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ নিরাপদ জীবন যাপন করবে, শিশু ও তরুণরা সুন্দর পরিবেশে লেখাপড়া করবে, আর নাগরিকরা মৌলিক সুবিধা পাবে।
শুধু ঢাকা নয়, এলাকার নাগরিক সুবিধার অভাবের কথাও তুলে ধরেন তিনি। হাবিবুর রশিদ বলেন, এখানে মুগধা হাসপাতাল ছাড়া আর কোনও হাসপাতাল নেই। শিক্ষার জন্য পর্যাপ্ত স্কুল-কলেজ নেই। রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ, কবরস্থান এবং গ্যাসের সমস্যা এখনও সমাধান হয়নি। আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারব।
৩৮ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, আমি জন্মের পর থেকে এই এলাকায় থাকি। আমি সর্বদা এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব। যেকোনও নাগরিক আমার কাছে সরাসরি এসে তাদের অভিযোগ বা দাবি জানাতে পারবেন।
হাবিবুর রশিদ হাবিব আরও জানান, তার পরিকল্পনায় রয়েছে পরিবেশ রক্ষা, বনায়ন, জলাবদ্ধতা দূরীকরণ, খাল সংস্কার এবং পরিবারিক সহায়তার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা। আগামী দিনে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জনগণ ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার পাবে। ঢাকা নয়কে নিরাপদ, গণতান্ত্রিক এবং উন্নয়নের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।