বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের প্রার্থী ও মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি দল ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে।
দলটি ৭১ এ স্বাধীনতার চরম বিরোধিতা করেছে উল্লেখ করে তিনি বলেন, দলটি এখন ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর। তারা পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে। তাদেরকে ভোট দিলে শেষ বিচারে পুরস্কার পাওয়া যাবে বলে প্রচারণা চালাচ্ছে। যা আমাদের পবিত্র কুরআন ও সুন্নাহ বিরোধী, ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক।
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গায় গণসংযোগ ও পথসভায় বিএনপির এই জেষ্ঠ্য নেতা এসব কথা বলেন।
ড.মোশাররফ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিএনপি ও চেয়ারম্যান তারেক রহমানের কোনো বিকল্প নেই। তার বলিষ্ঠ নেতৃত্বেই দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সবাই মিলে দেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিএনপির বর্ষীয়ান নেতা ড.মোশাররফ বলেন, কৃষক, শ্রমিক,মেহনতী মানুষ ও দরিদ্র পরিবারকে নানামুখী রাষ্টীয় সহায়তা দিতে কৃষি কার্ড,ফ্যামিলি কার্ড প্রদান ও শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে তারেক রহমান সুদুরপ্রসারি পরিকল্পনা প্রণয়ন করেছেন। ইতোমধ্যে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাবনা জাতির কাছে তুলে ধরেছেন। বিএনপি ক্ষমতায় গেলে তার গৃহীত এইসব গণমুখী কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করবে। বিএনপি জনগণের কাছে একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল। মানুষ এই দলের ওপরই ভরসা করে, যা অতীতে পরীক্ষিত। বিএনপির দেশ পরিচালনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। অতীতে ক্ষমতায় থাকাকালে দেশ ও জনগণের উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। দলটি যখনই ক্ষমতায় ছিল, মানুষ সুখ-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ছিল। আমার দৃঢ় আশাবাদ, আগামী নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করবে।
দাউদকান্দি পৌর বিএনপির ৪নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী, কাউছার আলম সরকার, আব্দুস সাত্তার, মামুন হোসেন ভূঁইয়া, ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, শরীফ চৌধুরী, সচিব রোমান খন্দকার, রাসেল মিয়া, মোল্লা সোহেল, মো.পাভেল প্রধান প্রমুখ।