উত্তেজনার মধ্যে বাংলাদেশে অনুদান কমাল ভারত

বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ও সহযোগিতার ক্ষেত্রে ভারত সরকারের বাজেট বরাদ্দ গত অর্থবছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। চলমান দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যেই এ বাজেট হ্রাস করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান হিসেবে মাত্র ৬০ কোটি রুপি বরাদ্দ রেখেছেন। গত ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ খাতে ১২০ কোটি রুপি বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে সেটি কমিয়ে ৩৪ কোটি ৪৮ লাখ রুপিতে নামিয়ে আনা হয়েছিল। ভারতের অর্থবছর এপ্রিল থেকে মার্চ পর্যন্ত গণনা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামগ্রিক অনুদান বরাদ্দ কিছুটা বৃদ্ধি করে ৫ হাজার ৬৮৫ কোটি ৫৬ লাখ রুপি নির্ধারণ করেছে ভারত সরকার। আগের অর্থবছরে এ বরাদ্দ ছিল ৫ হাজার ৪৮৩ কোটি রুপি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবারও ভুটান সর্বোচ্চ অনুদান পেয়েছে। দেশটির জন্য বাজেটে ২ হাজার ২৮৮ কোটি ৫৬ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া নেপাল পাচ্ছে ৮০০ কোটি, মালদ্বীপ ৫৫০ কোটি, শ্রীলঙ্কা ৪০০ কোটি, মিয়ানমার ৩০০ কোটি এবং আফগানিস্তান ১৫০ কোটি রুপি।