চবিতে শিক্ষার্থীদের মাঝে হিজাব বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও হিজাব বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে পবিত্র কুরআনের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার দীপা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাকসুর সহ-দপ্তর সম্পাদক জানাতুল আদন নুসরাত।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. ইসমাত আরা পারভীন, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদা সুমি, অধ্যাপক, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক,শামসুননাহার মিতুল।

বক্তারা তাদের আলোচনায় হিজাবের ধর্মীয়, সামাজিক ও মানবিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, হিজাব শুধু একটি পোশাক নয়; এটি নারীর মর্যাদা, আত্মসম্মান ও ব্যক্তিস্বাধীনতার প্রতীক। বর্তমান বিশ্বে নারীর অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় হিজাব দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও বক্তারা উল্লেখ করেন।

চাকসু নেতৃবৃন্দ বলেন, নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান জাগ্রত করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের মাঝে হিজাব বিতরণ করা হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।