ভারতের সঙ্গে ম্যাচ বর্জনে পিসিবিকে সতর্ক করল আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বর্জনের পাকিস্তান সরকারের ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বিষয়টি নিয়ে পিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো যোগাযোগ তারা পায়নি। তবে নির্বাচিত বা আংশিক অংশগ্রহণের অবস্থান বৈশ্বিক টুর্নামেন্টের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে সংস্থাটি।

আইসিসির ভাষ্য অনুযায়ী, একটি বৈশ্বিক ক্রীড়া আসরে যোগ্যতা অর্জন করা সব দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে অংশ নেবে—এটাই আন্তর্জাতিক প্রতিযোগিতার ভিত্তি। কোনো দল যদি নির্দিষ্ট ম্যাচ এড়িয়ে চলে, তা প্রতিযোগিতার স্বচ্ছতা, ধারাবাহিকতা ও ন্যায্যতার চেতনাকে ক্ষতিগ্রস্ত করে।

আইসিসি আরও বলেছে, তারা জাতীয় নীতিগত বিষয়ে সরকারগুলোর ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল। তবে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থে নয় এবং এতে বিশ্বজুড়ে সমর্থকদের পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও ক্ষতিগ্রস্ত হবেন।

সংস্থাটি পিসিবিকে আহ্বান জানিয়েছে, সব পক্ষের স্বার্থ রক্ষা করে এমন একটি সমাধানের পথ খুঁজতে, যাতে ২০২৬ আইসিসি  টি–টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা যায়। আইসিসির মতে, এই দায়িত্ব কেবল আয়োজকদের নয়, সব সদস্য দেশেরই।

আইসিসির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান সরকারের পক্ষ থেকে যে বাছাইভিত্তিক অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক টুর্নামেন্টের মৌলিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় যে, তারা ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ ম্যাচে মাঠে নামবে না।

এই ম্যাচটি টুর্নামেন্টের গ্রুপ পর্বের সবচেয়ে বেশি বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন ম্যাচগুলোর একটি বলে মনে করা হচ্ছে।

এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, বাংলাদেশের অংশগ্রহণ বাতিল হওয়ার পর পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং শেষ সিদ্ধান্ত সরকারের হাতেই থাকবে। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় ২৪ জানুয়ারি তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। সে সময় পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের বিকল্প ভেন্যুর দাবিকে সমর্থন করেছিল এবং আইসিসির বিরুদ্ধে ভারতের পক্ষে পক্ষপাতের অভিযোগ তোলে।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করছে এবং পাকিস্তান তাদের সব গ্রুপ ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

পাকিস্তানের সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা।

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করলে পাকিস্তান সরাসরি দুই পয়েন্ট হারাবে। শুধু তাই নয়, আইসিসির খেলার শর্ত অনুযায়ী নেট রান রেটেও নেতিবাচক প্রভাব পড়বে পাকিস্তানের।

আইসিসির প্লেয়িং কন্ডিশনের ধারা ১৬.১০.৭ অনুযায়ী, কোনো দল ম্যাচ না খেললে সেই দলের পুরো ২০ ওভারের ইনিংস নেট রান রেট হিসাবের মধ্যে ধরা হবে। তবে এ ক্ষেত্রে প্রতিপক্ষ দলের নেট রান রেট অপরিবর্তিত থাকবে।