এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) পরিচালনা বোর্ডের পূর্বানুমোদন ছাড়াই অবৈধ ও বেআইনিভাবে পাঁচ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সরকারি অর্থ ক্ষতিসাধনের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবিরসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। দুদকের তথ্যমতে, ইডিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির অন্যদের সঙ্গে যোগসাজশ করে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ৫ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগের নির্দেশনা দেন। এর ফলে প্রতিষ্ঠানটির ৩৬ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকা আর্থিক ক্ষতি হওয়ায় একটি মামলা দায়ের করা হয়।