১৩৬ কোটি টাকা আত্মসাৎ

সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ

জনতা ব্যাংকের ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের দায়ের করা মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে তাকে কারাগার থেকে এনে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের তথ্যমতে, গত ৮ জানুয়ারি জনতা ব্যাংকের ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সালমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম রিমান্ডের প্রথম দিন তাকে জেরা করেন।

মামলার আসামিরা হলেন সালমান এফ রহমান, তার ভাই এএসএফ রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও এএসএফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান, বেক্সিমকোর পরিচালক ইকবাল আহমেদ, এবি সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, শাহ মঞ্জুরুল হক রীম এইচ শামসুদ্দোহা ও এমডি ওসমান কায়সার চৌধুরীকে আসামি করা হয়েছে। আর জনতা ব্যাংকের তৎকালীন সিইও আব্দুছ ছালাম, তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর আব্দুল জব্বার, সাবেক মহাব্যবস্থাপক মিজানুর রহমান, সাবেক উপব্যবস্থাপক মিজানুর রহমান, সাবেক সহ-ব্যবস্থাপক মো. মোয়াজ্জেম হোসেন, সাবেক এজিএম শাজাহান, সাবেক এজিএম মো. হুমায়ুন কবীর ঢালী, সাবেক ম্যানেজার শ. ম. মাহাতাব হোসেন ছাড়াও আসামি হয়েছেন কোজি অ্যাপারেলস লিমিটেডের এমডি মো. মাহফুজুর রহমান খান, পরিচালক সৈয়দ তানভীর এলাহী, ক্রিসেন্ট অ্যাক্সেসরিজ লিমিটেডের এমডি আবু নাঈম মাহমুদ ও পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।