ডা. তাহের বললেন

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রাথী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবারের নির্বাচন ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর মতো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলই নয়, এবারের নির্বাচনে গুণগত পার্থক্য রয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই এসেছে, তারাই দুর্নীতি করেছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি চিরতরে বন্ধের সুযোগ রয়েছে। গতকাল রবিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তৈয়্যবিয়া আলিম মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের আরও বলেন, সারা দেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ যোগ্য ও ভালো মানুষকে ভোট দেবে। ১১ দলীয় জোট ক্ষমতা গ্রহণ করলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে।

শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. মফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।