স্করপিয়ন কিকে সোলাঙ্কের গোল চমকে দিলো ম্যানচেস্টার সিটিকে

প্রিমিয়ার লিগের ২৪তম রাউন্ডে টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার সিটির ম্যাচে ডমিনিক সোলাঙ্কের অবিশ্বাস্য এক অ্যাক্রোবেটিক গোল পুরো ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। লন্ডনের মাঠে শেষ পর্যন্ত ২–২ গোলে ড্র হয়েছে দুই দলের লড়াই। 

ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় পেপ গার্দিওলার দল। মাত্র ১১ মিনিটে আর্লিং হলান্ডের পাস থেকে রায়ান চেরকি গোল করে এগিয়ে দেন সিটিকে। প্রথমার্ধের শেষ দিকে, ৪৪ মিনিটে অঁতোয়ান সেমেনিও গোল করলে ব্যবধান দাঁড়ায় ২–০।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় টটেনহ্যাম। ৫৩ মিনিটে ডমিনিক সোলাঙ্কে একটি গোল করে ব্যবধান কমান। ওই সময়ই বড় ধাক্কা খায় স্বাগতিকরা—আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো চোটে পড়েন এবং মাঠ ছাড়তে বাধ্য হন। তার জায়গায় নামেন পাপে মাতার সার।

এরপর আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। ৭০ মিনিটে ডান দিক থেকে কনার গ্যালাঘারের ক্রসে ডমিনিক সোলাঙ্কে ডান পায়ে শূন্যে লাফিয়ে এক অসাধারণ ‘অ্যাক্রোবেটিক টাচ’ নেন। অনেকটা বাতাসে কিউ মারার মতো ভঙ্গিতে নেওয়া সেই শট গোলরক্ষক দোনারুম্মার হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। শক্তি ও নিখুঁত প্লেসমেন্টে গোলটি ঠেকানো ছিল প্রায় অসম্ভব।

গোলটির ভঙ্গি অনেকের মনে করিয়ে দিয়েছে কলম্বিয়ার কিংবদন্তি গোলরক্ষক রেনে হিগুইতার বিখ্যাত ‘স্করপিয়ন কিক’-এর কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে সোলাঙ্কের এই গোল ইতোমধ্যেই ফিফার পুসকাস অ্যাওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছড়িয়ে পড়েছে।

এই ড্রয়ে বড় ধাক্কা খেয়েছে গার্দিওলার দল। লিগের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর জন্য ম্যানচেস্টার সিটির তিন পয়েন্ট প্রয়োজন ছিল। বর্তমানে আর্সেনালের সংগ্রহ ৫৩ পয়েন্ট, আর ম্যানচেস্টার সিটির ৪৭।

ম্যাচের শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায়। ম্যানচেস্টার সিটি চেয়েছিল শিরোপা লড়াইয়ে টিকে থাকতে, আর টটেনহ্যামের লক্ষ্য ছিল অবনমন অঞ্চল থেকে দূরে সরে যাওয়া। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।

এই ড্রয়ের পর টটেনহ্যাম লিগ টেবিলের ১৪তম স্থানে রয়েছে ২৯ পয়েন্ট নিয়ে। অবনমন অঞ্চলের শেষ দল ওয়েস্ট হামের চেয়ে তারা নয় পয়েন্ট এগিয়ে থাকলেও নিরাপদ দূরত্ব তৈরি করতে পারেনি থমাস ফ্রাঙ্কের দল।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটি দ্বিতীয় স্থান ধরে রেখেছে এবং ব্রেন্টফোর্ডের বিপক্ষে অ্যাস্টন ভিলার হারের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে না পারলেও আর্সেনালের সঙ্গে শিরোপা লড়াইয়ে এখনো টিকে আছে।

আগামী ৭ ফেব্রুয়ারি ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ পয়েন্ট নেওয়ার আরেকটি সুযোগ পাবে টটেনহ্যাম।