প্যারিসে ইহুদি প্রাইমারি স্কুলে হামলা

ফ্রান্সের রাজধানী প্যারিসের পূর্বাঞ্চলে একটি ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় প্যারিসের অ্যারোঁদিসমঁতে অবস্থিত বেথ লুবাভিচ-বেথ’হান্নাহ প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে জানালা ভাঙচুর করা হয় এবং ভবনের সঙ্গে সংযুক্ত একটি সিসিটিভি ক্যামেরা ও একটি ফলক খুলে ফেলা হয় বলে জানিয়েছে ফরাসি প্রসিকিউটর দপ্তর। 

প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ের তিনটি জানালা ভাঙা হয়েছে। তবে হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশ করেনি। খুলে নেওয়া ফলকটি পরে কাছাকাছি একটি চত্বরে উদ্ধার করা হয়। ঘটনার পর হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফ্রান্সে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী বসবাস করে, যার সংখ্যা প্রায় পাঁচ লাখ। একই সঙ্গে দেশটিতে উল্লেখযোগ্য মুসলিম জনগোষ্ঠীও রয়েছে, যারা গাজায় ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি সংবেদনশীল।

ফ্রান্সের ইহুদি সম্প্রদায়ের সদস্যদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর এবং এর জেরে ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে দেশে ইহুদিবিরোধী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশে মোট ৮৮৬টি ইহুদিবিরোধী ঘটনার নথি করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কম।

গত নভেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের অঙ্গীকার অব্যাহত থাকবে।