পূর্বাচলে প্লট দুর্নীতির মামলা

হাসিনার ১০ বছর, টিউলিপের ৪, ববি-আজমিনার ৭ বছর কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে শেখ হাসিনার পরিবারের আরও তিন সদস্যকে সাজা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার অপর দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত প্রত্যেকের ওপর ১ লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দুটি দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

২০২৫ সালের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেছিলেন। তদন্ত শেষে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়, যার মধ্যে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের নামও অন্তর্ভুক্ত ছিল।

রায়ে সন্তোষ প্রকাশ করে দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল জানান, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এই রায় একটি কঠোর বার্তা প্রদান করবে। অন্যদিকে, রায়ের পর আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।