সারা দেশে গত জানুয়ারি মাসে ১৮৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে আট কন্যাশিশুসহ ২০ নারীকে হত্যা করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২৬ সালের জানুয়ারি মাসের সময়কালে মোট ১৮৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৭ কন্যাসহ ৩১ নারী ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে তিন কন্যাসহ ১১ নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছেন দুইজন। এছাড়াও চার শিশুকন্যাসহ ছয় নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন সহিংসতার শিকার হয়েছেন ৫ শিশুকন্যাসহ ৯ জন। এছাড়াও বিভিন্ন কারণে ১৮ শিশুকন্যাসহ ৫৫ নারী হত্যার শিকার হয়েছে। তিনজনকে হত্যাচেষ্টা ও ২০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
এছাড়া চার শিশুকন্যাসহ ৯ নারী আত্মহত্যার শিকার হয়েছেন। এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে একজন। অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে একজনের। যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে তিনজন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার একজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।