নারী ফুটবলে সবচেয়ে বড় প্রাইজমানি জিতলো আর্সেনাল

ফিফা নারী চ্যাম্পিয়ন্স কাপের প্রথম আসরের শিরোপা জিতে নারী ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের প্রাইজমানি ঘরে তুলেছে আর্সেনাল। রবিবার অতিরিক্ত সময়ে ব্রাজিলের করিন্থিয়ান্সকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে আর্সেনাল পায় ২৩ লাখ ডলার প্রাইজমানি, যা নারী ক্লাব ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। গত মৌসুমে উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ জিতে আর্সেনাল যে অর্থ পেয়েছিল, তার প্রায় চার গুণ এই পুরস্কার। তখন তাদের প্রাপ্ত অর্থ ছিল পাঁচ লাখ ইউরো (প্রায় পাঁচ লাখ ৯০ হাজার ডলার)।

ছয় মহাদেশের চ্যাম্পিয়ন ক্লাবগুলোর অংশগ্রহণে প্রথমবার আয়োজন করা হয় ফিফা উইমেন্স চ্যাম্পিয়ন্স কাপ। শিরোপা জয়ের দৌড়ে শুরু থেকেই বড় ফেভারিট ছিল আর্সেনাল।

তবে ব্রাজিলের করিন্থিয়ান্স প্রত্যাশার চেয়েও কঠিন প্রতিপক্ষ হয়ে ওঠে। সেমিফাইনালে তারা যুক্তরাষ্ট্রের চ্যাম্পিয়ন গথাম এফসিকে হারিয়ে ফাইনালে ওঠে এবং ফাইনালেও আর্সেনালকে চরম লড়াইয়ে ফেলে দেয়। এমিরেটস স্টেডিয়ামে ২৫ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত হয় এই নাটকীয় ফাইনাল।

ম্যাচের শুরুতেই আর্সেনালের হয়ে গোল করেন অলিভিয়া স্মিথ। দ্রুতই করিন্থিয়ান্সের গ্যাবি জানোত্তি সমতা ফেরান। এরপর ইংল্যান্ডের ডিফেন্ডার লটে উইবেন-ময় আর্সেনালকে আবার এগিয়ে দেন।

ম্যাচের শেষ মুহূর্তে যখন আর্সেনালের জয় উদ্‌যাপনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, ঠিক তখনই নাটকীয়ভাবে সমতা ফেরায় করিন্থিয়ান্স। বক্সের ভেতরে গিসেলা রোব্লেদো ফাউলের শিকার হলে পাওয়া পেনাল্টি থেকে ভিক আলবুকার্ক গোল করে ম্যাচ ২–২ করেন।

অতিরিক্ত সময়ে আর্সেনালের শক্তিশালী বেঞ্চ ও অভিজ্ঞতা কাজে লাগে। করিন্থিয়ান্সের রক্ষণভাগের ফাঁক গলে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান কেটলিন ফোর্ড, আর তাতেই প্রথম ফিফা উইমেন্স চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা নিশ্চিত করে আর্সেনাল।